সংযুক্ত আরব আমিরাতে নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছে ইসরাইল। এ ব্যবস্থার পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা সদস্যও দেশটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
মঙ্গলবার তেল আবিবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য নিশ্চিত করেন। রয়টার্স জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতকে সুরক্ষা দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থাটির সাথে রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রও রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ২০২০ সালে স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তির মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এ সামরিক সহযোগিতা সম্ভব হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাত একাধিকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে যুদ্ধবিরতি চললেও আমিরাতের ওপর হামলার আশঙ্কা পুরোপুরি কাটেনি।
এর আগেও সংযুক্ত আরব আমিরাতকে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে ইসরাইল। বিশ্লেষকদের মতে, ইরানের হুমকি মোকাবিলায় আরব দেশগুলোর সাথে ইসরাইলের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার হতে পারে।
সূত্র : রয়টার্স



