তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথ বৈঠকে তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা না করা হলে দুই পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘাতও তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং তাইওয়ানকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের “সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর” বিষয় হিসেবে উল্লেখ করেন।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিনি ট্রাম্পকে বলেন—তাইওয়ান ইস্যু ঠিকভাবে সামাল দেওয়া গেলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে, অন্যথায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
শি আরো দাবি করেন, তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষা তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতার সাথে সাংঘর্ষিক। তার ভাষায়, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। বেইজিংয়ের অবস্থান হলো—একসময় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করা হবে, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও।
অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘ওয়ান চায়না পলিসি’ মেনে চললেও তাইওয়ানকে সামরিক সহায়তা দিয়ে থাকে। এতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা প্রায়ই বাড়ে।
বিশ্লেষকদের মতে, তাইওয়ান ইস্যু বর্তমানে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে বড় অস্থিরতার কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে সামরিক উপস্থিতি ও কূটনৈতিক চাপ বাড়তে থাকায় অঞ্চলটিতে সংঘাতের আশঙ্কাও জোরালো হচ্ছে।
সূত্র: বিবিসি



