দীর্ঘদিনের মজুরি আলোচনা ব্যর্থ হওয়ায় দক্ষিণ কোরিয়ার শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটরের শ্রমিক ইউনিয়ন সোমবার (১৩ জুলাই) থেকে তিন দিনের আংশিক ধর্মঘট শুরু করেছে।
ইউনিয়নের ঘোষণা অনুযায়ী, বুধবার পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।
শ্রমিকরা বেশি বোনাস, বেতন বৃদ্ধি ও অবসরের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসারের কারণে কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই এ ধর্মঘট শুরু হলো।
ইউনিয়ন ও কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত মে মাস থেকে কয়েক দফা আলোচনা চালিয়ে এলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সর্বশেষ ৮ জুলাই অনুষ্ঠিত পঞ্চম দফার আলোচনাও ব্যর্থ হয়।
ইউনিয়নের এক কর্মকর্তা জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা উৎপাদন বন্ধ রাখা হবে। দিনের ও রাতের শিফটে কর্মীরা দুই ঘণ্টা করে কাজ বন্ধ রাখবেন।
ইউনিয়ন জানিয়েছে, বিক্রয় ও রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মী এবং নামইয়াং গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের কর্মীরাও পরিস্থিতি অনুযায়ী ধর্মঘটে অংশ নেবেন।
দক্ষিণ কোরিয়ার দৈনিক মেইল বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধর্মঘটের কারণে হুন্দাইয়ের প্রায় ২০০ বিলিয়ন ওন (প্রায় ১৩২ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হতে পারে।
ধর্মঘটের পাশাপাশি ইউনিয়নের নেতারা সোমবার রাত থেকে অবস্থান কর্মসূচিও শুরু করেছেন।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাসিক মূল বেতন ৮৯ হাজার ওন বাড়ানো, মূল বেতনের ৩৫০ শতাংশের সমপরিমাণ কর্মদক্ষতা বোনাস, অতিরিক্ত এক কোটি ওন ও কোম্পানির ১৫টি শেয়ার দেয়ার প্রস্তাব দেয়।
তবে ইউনিয়ন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, মাসিক মূল বেতন এক লাখ ৪৯ হাজার ৬০০ ওন বৃদ্ধি, গত বছরের নিট মুনাফার ৩০ শতাংশের সমপরিমাণ কর্মদক্ষতা বোনাস, ৮০০ শতাংশ বোনাস, অবসরের বয়সসীমা বৃদ্ধি ও চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল করতে হবে।
হুন্দাইয়ের উলসান কারখানার কর্মীদের উদ্দেশে দেয়া এক বার্তায় কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চোই ইয়ং-ইল ধর্মঘটের ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘বছরের দ্বিতীয়ার্ধে নতুন মডেলের গাড়ি বাজারে এনে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। এমন সময়ে উৎপাদন ব্যাহত হওয়া উচিত নয়।’
রোবোটিক্স প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্যেই এ ধর্মঘট শুরু হয়েছে। হুন্দাই ২০২৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কারখানাগুলোতে অ্যাটলা’-এর মতো মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট ব্যবহারের পরিকল্পনা করেছে।
যদিও দক্ষিণ কোরিয়ার কারখানায় এ ধরনের রোবট চালুর কোনো পরিকল্পনা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিশ্লেষকদের ধারণা, সেখানেও ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহার শুরু হবে।
ইউনিয়ন জানিয়েছে, তিন দিনের আংশিক ধর্মঘট শেষ হওয়ার পর, বুধবার তারা পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সূত্র: বাসস



