শুরু হচ্ছে জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকের পর এ ঘোষণা আসে।

নয়া দিগন্ত অনলাইন
লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সানায়ে তাকাইচি
লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সানায়ে তাকাইচি |সংগৃহীত

জাপান ও মারকোসুর একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ব্রাসিলিয়া ও টোকিও এ ঘোষণা দিয়েছে।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকের পর এ ঘোষণা আসে।

লুলার সরকার দীর্ঘদিন ধরে দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মারকোসুরের সাথে বাইরের অংশীদারদের মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নিয়ে আসছে। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে নিয়ে গঠিত এ জোটের সাথে ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের জানুয়ারিতে একটি চুক্তি করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সব পক্ষের অভিন্ন ইচ্ছার ভিত্তিতে দুই নেতা মারকোসুর ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন।’

এ মাসের শেষ দিকে প্যারাগুয়েতে অনুষ্ঠেয় মারকোসুর শীর্ষ সম্মেলনে এ আলোচনা শুরু হবে।

বামপন্থী নেতা লুলা, রক্ষণশীল নেতা তাকাইচির সাথে বৈঠকে জাপানের সাথে সম্ভাব্য চুক্তির বিষয়ে ‘অত্যন্ত সন্তুষ্টি’ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, ৩০ জুনের পরবর্তী মারকোসুর বৈঠকে আমরা ভালো খবর পাব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রফতানি নির্ভর ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন।

গত বছর থেকেই তিনি এ ধরণের হুঁশিয়ারি দিয়ে আসছেন।

সূত্র: বাসস