দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর স্থগিত মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
চীনের সিনহুয়া নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ মে) ওয়েই ফেংহে ও লি শাংফুকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি সামরিক আদালত।
আদালতের রায়ে বলা হয়েছে যে, দুই বছরের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর আইন অনুযায়ী তাদের দণ্ডাদেশ যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। এরপর আর কোনো দণ্ডাদেশ হ্রাস বা প্যারোলের অনুমতি দেয়া হবে না।
আদালতের রায় অনুযায়ী, ওয়েই ঘুষ গ্রহণের অপরাধে এবং লি ঘুষ গ্রহণ ও প্রদান উভয় অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
তাদের আজীবনের জন্য রাজনৈতিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে এবং তাদের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণের পর এই ঘোষণা এলো।
ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লি শাংফুর দায়িত্বকাল ছিল খুবই সংক্ষিপ্ত।
২০২৩ সালের অক্টোবর মাসে লি শাংফুকেও বরখাস্ত করা হয়।
সূত্র : সিনহুয়া, বিবিসি



