যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলের পৃথক হামলায় এক শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশে ইসরাইলি বাহিনী কমপক্ষে আটজনকে হত্যা করেছে। এ হামলায় এক শিশু ও এক নারীসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার ও নাবাতিয়েহের কাছে অন্যান্য হামলায় আরো চারজন নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইল কয়েকটি বাড়ি, একটি কনভেন্ট ও স্কুলও ধ্বংস করে দিয়েছে।
এদিন ইসরাইল লিতানি নদীর উত্তরে অবস্থিত হাব্বুশের বাসিন্দাদের জন্য জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ জারি করে। সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই হামলা চালানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জনগণকে অবিলম্বে কমপক্ষে এক হাজার মিটার দূরে সরে যেতে বলেন।
এর আগের দিনও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শহরটিতে হামলা চালানো হয়েছিল।
বৃহস্পতিবার লেবাননে কমপক্ষে ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে দুই হাজার ৬১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আট হাজার ৯৪ জন। ১৭ এপ্রিল ঘোষিত এবং ১৭ মে পর্যন্ত বর্ধিত মার্কিন মধ্যস্থতার যুদ্ধবিরতি সত্ত্বেও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
সূত্র: আল জাজিরা


