ইরানের পাশে চীন-রাশিয়া, মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর বার্তা

ইরান-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার বিষয়ে চীন তীব্র আপত্তি জানিয়েছে এবং এ ধরনের ‘ভুল নীতি’ সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে, রাশিয়ার এক মুখপাত্র ইরানের সাথে সম্পর্ক অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইরান, রাশিয়া ও চীনের পতাকা
ইরান, রাশিয়া ও চীনের পতাকা |সংগৃহীত

ইরান-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার বিষয়ে চীন তীব্র আপত্তি জানিয়েছে এবং এ ধরনের ‘ভুল নীতি’ সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের বার্তাসংস্থা ইরনার বরাতে জানা গেছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, চীন এ ধরনের পদক্ষেপে গভীরভাবে দুঃখিত এবং এর তীব্র বিরোধিতা করছে।

তিনি আরো বলেন, বেইজিং ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন অবিলম্বে এ ধরনের ভুল নীতি সংশোধন করে এবং সংশ্লিষ্ট চীনা কোম্পানি ও ব্যক্তিদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

একইসাথে মুখপাত্র স্পষ্ট করে বলেন, চীন তার কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও ইরানের সাথে সম্পর্ক অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার নিজস্ব অংশীদার ও বন্ধু রয়েছে এবং এসব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও অংশীদারত্বপূর্ণ সম্পর্ক মস্কো বজায় রাখবে এবং আরো জোরদার করবে।

সূত্র : পার্সটুডে