ভারত-পাকিস্তান যুদ্ধে ইসলামাবাদের পাশে ছিল বেইজিং, স্বীকার করল চীন

চীন প্রথমবার স্বীকার করেছে যে, গত বছরের ভারত-পাকিস্তান যুদ্ধে তারা পাকিস্তান বিমান বাহিনীকে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছিল। চীনা প্রকৌশলীরা জানান, পাকিস্তানে অবস্থান করে তারা জে-টেন-সি-ই যুদ্ধবিমান সচল রাখতে কাজ করেছেন, যা রাফায়েল ভূপাতিতের ঘটনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

গত বছর ভারতের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন পাকিস্তান বিমান বাহিনীকে সরাসরি কারিগরি সহায়তা দেয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করল চীন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন চীনা প্রকৌশলীরা। যুদ্ধের সেই উত্তপ্ত দিনগুলোতে চীনা বিশেষজ্ঞরা পাকিস্তানের মাটিতে সশরীরে উপস্থিত থেকে দেশটির যুদ্ধবিমানগুলোর সক্ষমতা সচল রাখতে কাজ করেছিলেন। বিশেষ করে চীনের তৈরি জে-টেন-সি-ই ফাইটার জেট দিয়ে ভারতের আকাশসীমায় বড় ধরনের অভিযান চালানোর ক্ষেত্রে এই সহায়তা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর বরাতে এ তথ্য জানা গেছে।

চার দিনের সেই সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী যুদ্ধে পাকিস্তানের হাতে ভারতের একটি ফরাসি প্রযুক্তির রাফায়েন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি ছিল সবচেয়ে বড় চমক।

চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশনের প্রকৌশলী ঝাং হেং জানান, মে মাসের সেই প্রবল দাবদাহ আর সাইরেনের শব্দের মধ্যেও তারা পাকিস্তানি বিমানঘাঁটিতে রাতদিন কাজ করেছেন। তাদের তৈরি জে-টেন-সি-ই বিমানটি যখন ভারতের শক্তিশালী রাফায়েলকে আকাশ থেকে নিচে নামিয়ে আনে, তখন সেই সাফল্যকে তারা নিজের সন্তান বড় করে তোলার আনন্দের সাথে তুলনা করেছেন।

উল্লেখ্য, ইতিহাসে এটিই ছিল কোনো চীনা যুদ্ধবিমানের হাতে ফরাসি রাফায়েল ধ্বংস হওয়ার প্রথম নজির।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট