ফিলিপাইনের মধ্যাঞ্চলের একটি স্কুলে বিরল বন্দুক হামলায় কমপক্ষে তিন শিক্ষার্থী নিহত ও আরো সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানান, ১৫ ও ১৪ বছর বয়সী দুই অভিযুক্ত শিক্ষার্থী স্কুলের ভেতরে ‘এলোপাতাড়ি’ গুলি চালায়।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে লেইতে প্রদেশের টাকলোবান শহরের সেন হোসে ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দের মধ্যে আতঙ্কিত শিশুরা শ্রেণিকক্ষের ভেতরে লুকিয়ে চিৎকার ও কান্নাকাটি করছে।
গ্রেফতার হওয়া দুই কিশোরকে জিজ্ঞাসাবাদের বিষয়ে দিয়াজ বলেন, ‘আমরা শুনেছি, বুলিং তাদের এই কর্মকাণ্ডের কারণ হতে পারে। তবে আমরা এখনো তাদের কাছ থেকে বিষয়টি জানতে পারিনি।’
পুলিশের এ তথ্য কর্মকর্তা বলেন, আমরা এখনো অস্ত্রগুলো জব্দের কাজ করছি। সেগুলো কোথা থেকে এসেছে ও কিভাবে স্কুলের ভেতরে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত দু’জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা বিরল হলেও লক্ষ্যভিত্তিক সশস্ত্র সহিংসতা দেশটির প্রাদেশিক রাজনীতিতে প্রায় নিয়মিত ঘটনা।
২০২২ সালে দেশটির রাজধানীতে আতেনিও দে ম্যানিলা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানের আগে এক বন্দুক হামলায় সাবেক এক সিটি মেয়রসহ তিনজন নিহত হন।
সূত্র: এএফপি, রয়টার্স



