চীনের সাথে সামুদ্রিক পরিবহন বিষয়ক একটি চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে পানামা। এ চুক্তির আওতায় চীনের বন্দরে পানামার পতাকাবাহী জাহাজগুলো বিশেষ সুবিধা পাবে।
এমন সময়ে এ চুক্তি নবায়নের ঘোষণা এলো, যখন পানামা অভিযোগ করছে, পানামা খালে দুটি বন্দর পরিচালনার জন্য হংকংভিত্তিক একটি কোম্পানির ইজারা বাতিল হওয়ার পর থেকে চীনে তাদের জাহাজের ওপর আরো কঠোর তদারকি করা হচ্ছে।
পানামার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত আলোচনার পর দু’দেশ ‘ঐকমত্যে পৌঁছেছে’ এবং চুক্তি নবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হয়েছে।
চলতি বছর মেয়াদ শেষ হওয়া এ চুক্তির আওতায় চীনের বন্দরে পানামার পতাকাবাহী জাহাজগুলো অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা এবং সহজতর প্রশাসনিক প্রক্রিয়ার সুযোগ পেয়ে থাকে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে পানামার প্রায় ৫০০টি জাহাজ পরিদর্শনের জন্য আটকে রাখা হয়েছিল। তবে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হয়োস সোমবার বলেন, এখন এ সংখ্যা ‘আগের স্বাভাবিক পর্যায়ে’ ফিরে এসেছে।
মধ্য আমেরিকার দেশটির একটি আদালত পানামা পোর্টস কোম্পানির চুক্তি বাতিল করার রায় দেয়ার পর পানামার জাহাজগুলোর ওপর নজরদারি জোরদার করে চীন। হংকংভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানি পানামা খালের দুটি টার্মিনাল পরিচালনা করত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের নিয়ন্ত্রণে থাকার যুক্তিতে গুরুত্বপূর্ণ আন্তঃমহাসাগরীয় এ নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন দাবি করে আসছেন। যদিও পানামা খাল পরিচালনা করে পানামা সরকারের নিয়ন্ত্রন বহির্ভূত স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান।
সূত্র : বাসস



