ইরানের সাথে যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ টানা ৩২৬ দিনের দীর্ঘ মিশন শেষে শনিবার (১৬ মে) যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে বলে জানিয়েছে পেন্টাগন।
মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, বিশ্বের বৃহত্তম এই বিমানবাহী রণতরীকে স্বাগত জানাতে ভার্জিনিয়ার নরফোকে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ভিয়েতনাম যুদ্ধের পর এটিই মার্কিন নৌবাহিনীর কোনো রণতরীর সবচেয়ে দীর্ঘ সময়ের মোতায়েন।
এই দীর্ঘ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে অংশ নেয়। সেখানে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা, নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজ আটক এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অংশ নেয় জাহাজটি।
পরে এটিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। দীর্ঘ মোতায়েনের সময় গত ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি বিছানা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
এছাড়া সমুদ্রে অবস্থানকালে জাহাজটির শৌচাগার ব্যবস্থাতেও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাসস



