মার্কিন বিমান ঘাটিতে ফ্লুর প্রাদুর্ভাবে আক্রান্ত ১৬০ সৈন্য

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাবে ১৬০-এর বেশি সেনা সদস্য আক্রান্ত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা ও আইসোলেশন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় এক প্রশিক্ষণরত সৈন্যের মৃত্যু হয়েছে, যার কারণ নিয়ে তদন্ত চলছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটি
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটি |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে মহামারি আকারে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং গত কয়েক সপ্তাহে অন্তত ১৬০ জনের বেশি সেনা সদস্য এই রোগে আক্রান্ত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চলতি বছরের শুরুর দিকে সেনাদের জন্য বাধ্যতামূলক ফ্লু টিকা নেয়ার নিয়ম বাতিল করার পরেই এই প্রাদুর্ভাব ঘটছে।

সান আন্তোনিওর এই ঘাঁটিতে থাকা ৩৭তম ট্রেনিং উইং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান ঘাঁটিটি তাদের সবচেয়ে বড় মেডিক্যাল উইংয়ের সাথে সমন্বয়ে এই প্রাদুর্ভাব সামলানোর চেষ্টা করছে। রোগাক্রান্তদের আলাদা করে চিকিৎসা দেয়া হচ্ছে এবং যারা অসুস্থদের সংস্পর্শে এসেছিলেন তাদের ওপরও কড়া নজর রাখা হচ্ছে।

আক্রান্ত সৈন্যদের ট্যামিফ্লুর মতো অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে এবং সুস্থ হওয়ার পর তারা আবার প্রশিক্ষণে ফিরবেন। এই ঘাঁটিতে প্রতি বছর ৩৬ হাজারেরও বেশি নতুন সেনা প্রশিক্ষণ নিতে আসেন।

এরই মধ্যে ওই ঘাঁটির ৭৩৭তম ট্রেনিং সাপোর্ট স্কোয়াড্রনে ষষ্ঠ সপ্তাহের প্রশিক্ষণে থাকা কিওন ম্যাকড্যানিয়েল নামে এক সৈন্যের আকস্মিক শারীরিক জটিলতার মুখোমুখি হন। পরে ব্রুক আর্মি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, ঠিক কী কারণে এই জরুরি স্বাস্থ্য বিপর্যয় ঘটেছে তা জানতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিশদ চিকিৎসা পর্যালোচনা চালানো হচ্ছে।

সূত্র : দ্য হিল