চুক্তি করা ছাড়া ইরানের আর কোনো উপায় নেই : ট্রাম্প

এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আর কোনো উপায় নেই। তাদেরকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে।

সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দারুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।

তার কাছে প্রশ্ন করা হয়েছিল যুদ্ধবিরতি আরো বাড়ানো হবে কিনা? জবাবে ট্রাম্প বলেছেন, আমরা খুব কঠোর অবস্থানে আছি। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না, যদি চুক্তি না হয়।

পরে ট্রাম্প বলেন, আমি মনে করি বোমা হামলা হবে, কারণ সেটাই হবে ভালো দৃষ্টিভঙ্গি।

তিনি আরো বলেন, চুক্তি করার জন্য হাতে বেশি সময় নেই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছায়, তবে তারা খুব ভালো থাকবে।

কিছুক্ষণ আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করেই আবারো ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ইরানি আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন যে, আমরা হুমকির কাছে মাথা নত করবো না।

সূত্র : বিবিসি