ইরানের সাথে চলা যুদ্ধে জ্বালানি বাজারের স্থায়িত্ব ও পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোই প্রধান উদ্দেশ্য বলে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
আল জাজিরা শুক্রবার (১৪ আগস্ট) জানিয়েছে, ইরানের সাথে মাসব্যাপী চলা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য দুটি—অর্থনৈতিক ও সামরিক। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মন্তব্য করেন।
ফক্স নিউজের উপস্থাপক উইল কেইনকে ভ্যান্স জানান, প্রথম উদ্দেশ্যটি অর্থনৈতিক। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিশ্ব অর্থনীতি যে সংকটে পড়েছে, তা সামলে নেয়া জরুরি। পারস্য উপসাগরীয় দেশগুলো যেন বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখে, তা নিশ্চিত করতে চায় মার্কিন প্রশাসন। এর মূল উদ্দেশ্য হলো নিজেদের দেশের মানুষের জন্য জ্বালানির দাম কম ও স্থিতিশীল রাখা।
দ্বিতীয় লক্ষ্য হিসেবে ভ্যান্স দাবি করেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ভ্যান্স জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি লক্ষ্য অর্জনে সাফল্য পাচ্ছে বলে তিনি আশাবাদী। তবে বিষয়টি কিছুটা অনিশ্চিত, কারণ ইরানি নেতাদের আচরণ অনেক সময় অপ্রত্যাশিত এবং তারা কখনো কখনো দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে না।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিবোঝাপড়া থমকে রয়েছে। যুদ্ধ কীভাবে শেষ হতে পারে—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, এই সংঘাত শেষে মার্কিন যুক্তরাষ্ট্র এক শক্তিশালী অবস্থানে থাকবে। ইরান পারমাণবিক অস্ত্র থেকে দূরে থাকবে এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিকতা ফিরবে, যাতে যুক্তরাষ্ট্রের মানুষ সাশ্রয়ী দামে জ্বালানি পায়।


