ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন কাজে ব্যবহারের জন্য যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা ভেনিজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ছাড়ের অনুরোধ জানিয়ে রাজা তৃতীয় চার্লসকে চিঠি দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের রাজার কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি, যাতে ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ ছাড় করা হয়। এই স্বর্ণ আমাদের জনগণের। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই স্বর্ণ প্রয়োজন।’
গত মাসে ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই দফা ভূমিকম্পে কমপক্ষে তিন হাজার ৮০০ জন নিহত হয়েছেন।
ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বহু আবাসিক ভবন ধসে পড়েছে। এতে হাজারো মানুষ গৃহহীন হয়েছেন ও আরো হাজারো মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র: বাসস



