ভূমিকম্পের পর সমুদ্র সৈকতে ছুটি কাটানোয় সমালোচনার মুখে কলম্বিয়ার মন্ত্রী

ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় যখন হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, তখন পরিবারের সদস্যদের নিয়ে ক্যারিবীয় উপকূলে ছুটি কাটাতে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির নতুন আবাসনমন্ত্রী হাইমে আন্দ্রেস বেলত্রান।

নয়া দিগন্ত অনলাইন
কলম্বিয়ার আবাসনমন্ত্রী হাইমে আন্দ্রেস বেলত্রান
কলম্বিয়ার আবাসনমন্ত্রী হাইমে আন্দ্রেস বেলত্রান |সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় যখন হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, তখন পরিবারের সদস্যদের নিয়ে ক্যারিবীয় উপকূলে ছুটি কাটাতে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির নতুন আবাসনমন্ত্রী হাইমে আন্দ্রেস বেলত্রান।

গত ১০ আগস্ট পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হন। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেয়ার মাত্র তিন দিন পর এই ভূমিকম্প আঘাত হানে।

প্রায় ৫০ বছরের মধ্যে কলম্বিয়ায় এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সপ্তাহান্তে ক্যারিবীয় উপকূলের শহর সান্তা মার্তায় আবাসনমন্ত্রী বেলত্রানের সমুদ্র সৈকতে পরিবারের সাথে সময় কাটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বামপন্থী বিরোধীরা মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, এমন সঙ্কটময় সময়ে মন্ত্রীর ছুটি কাটানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

ভূমিকম্পে প্রায় ২৭ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত মানুষ এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

সোমবার মন্ত্রী তার সফর নিয়ে সমালোচনার জবাব দেয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, তিনি ‘ছুটি কাটাচ্ছিলেন না’; বরং কয়েক দিন ধরে দেখা না হওয়া স্ত্রী ও সন্তানদের সাথে কিছু সময় কাটাচ্ছিলেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনের কাজে ফিরে যান বলেও জানান।

ভূমিকম্পের এক সপ্তাহ পর ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই কমে এসেছে।

সূত্র: বাসস