কলম্বিয়ায় একটি মহাসড়কে বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) এ ঘটনা ঘটে।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান বলেছেন, শনিবার কাজিবিওর এল টানেল সেক্টরে প্যান-আমেরিকান মহাসড়কে এ বিস্ফোরণ ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে গুজমান বলেন, ‘এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং পাঁচজন অপ্রাপ্তবয়স্কসহ ৩৮ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর পেয়েছি আমরা।’
বেসামরিক জনগণের ওপর চালানো এ হামলার নিন্দা করেছেন তিনি।
গুজমান বলেন, ‘আমরা যে ব্যথা অনুভব করছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তিনি এই ‘সন্ত্রাসী কার্যকলাপের বৃদ্ধির’ বিরুদ্ধে সরকারের কাছে একটি ‘সুনির্দিষ্ট ও ধারাবাহিক’ পদক্ষেপের দাবি জানান।
গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে বোমা হামলার পরের দৃশ্য দেখা গেছে, যেখানে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহন ও ধ্বংসাবশেষ রাস্তা জুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায়।
গুজমান জানান, এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডাতেও সহিংসতার ঘটনা ঘটেছে।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ একটি সংবাদ সম্মেলনে এটিকে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন এবং এর জন্য ‘ইভান মোরদিস্কো’ নামে পরিচিত এক ব্যক্তির নেটওয়ার্ক এবং জাইমে মার্তিনেজ গোষ্ঠীকে দায়ী করেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী’ বলে আখ্যা দিয়েছেন।
সূত্র: আল জাজিরা



