ইরান যুদ্ধের জন্য মার্কিন প্রতিরক্ষা দফতরের আরো প্রয়োজন ৮০ বিলিয়ন ডলার

ইরান-সংক্রান্ত সামরিক ব্যয় ও অন্যান্য খরচ মেটাতে মার্কিন প্রতিরক্ষা দফতর অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার তহবিল চাইতে পারে। তবে এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি এবং পেন্টাগন ও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন |সংগৃহীত

ইরান যুদ্ধের খরচ সামাল দিতে এবং অন্যান্য অ-যুদ্ধকালীন ব্যয় পরিশোধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের জরুরি ভিত্তিতে আরো ৮০ বিলিয়ন ডলার প্রয়োজন।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, মার্কিন উপ-প্রতিরক্ষা সচিব স্টিফেন ফেইনবার্গ এই সপ্তাহে আইনপ্রণেতাদের সাথে ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিশাল অঙ্কের অনুরোধে পেন্টাগনের খরচের পাশাপাশি কৃষি ও দুর্যোগ ত্রাণের মতো প্রতিরক্ষা বর্হিভূত খাতগুলোও যুক্ত থাকবে। এই অনুরোধ আগামী কয়েক দিনের মধ্যে আইনপ্রণেতাদের কাছে পাঠানো হতে পারে।

রয়টার্স এই প্রতিবেদনের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। রয়টার্স যোগাযোগ করা সত্ত্বেও পেন্টাগন ও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র প্রচলিত কর্মঘণ্টার পরে যোগাযোগ করা হয়েছিল।

পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছেন, কংগ্রেস যদি দ্রুত এই নতুন যুদ্ধকালীন ব্যয় সংক্রান্ত বিল পাস না করে, তবে আগামী মাসগুলোতে সামরিক কার্যক্রম চালানোর মতো অর্থ পেন্টাগনের কাছে থাকবে না। এমনটি হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন এবং সামরিক প্রশিক্ষণও কমিয়ে দিতে হতে পারে।

প্রস্তাবিত ৮০ বিলিয়ন ডলার অনুমোদন পেলে তার একটি অংশ গোলাবারুদ কেনা, সৈন্যদের বেতন দেয়া এবং যুদ্ধজাহাজ পরিচালনার কাজে ব্যবহার করা হবে। ইসরাইলের সাথে যোগসাজশে গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যে যুদ্ধ শুরু করেছিল, তার প্রাথমিক খরচ প্রায় ২৫ বিলিয়ন ডলার বলে গত এপ্রিলে পেন্টাগন জানিয়েছিল। তবে এই যুদ্ধের মোট আর্থিক ক্ষতি কত, তা নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র বিতর্ক চলছে এবং ট্রাম্পের চাওয়া আগের ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিল প্রস্তাব কংগ্রেসের ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে।

কিন্তু মার্কিন ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, চড়া জ্বালানি মূল্য এবং ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের বিশাল আর্থিক বোঝা নিয়ে গভীর ক্ষোভ তৈরি হয়েছে। নিজের দেশে তেলের দাম এবং মূল্যস্ফীতি আকাশচুম্বী হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এই সঙ্ঘাতে বিলিয়ন বিলিয়ন মার্কিন করদাতার ডলার ঢালার কারণে সাধারণ মার্কিনিদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

সূত্র : ডন