যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং তিনজন পুলিশ কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন ব্যক্তিটিও মারা গেছেন। তবে তিনি কিভাবে মারা গেছেন তা স্পষ্ট নয়।
পার্টেন আরো জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে পরে একজনের মৃত্যু হয়।
এছাড়াও তিনজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন। দুজনেরই বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন যে তারা ‘স্থিতিশীল অবস্থায়’ আছেন।
একজনের পায়ে গুলি লেগেছিল, অন্যজনের অস্ত্রোপচার চলছিল। তৃতীয় কর্মকর্তা কী ধরনের আঘাত পেয়েছেন তা স্পষ্ট ছিল না।
গভর্নর টিম ওয়ালজ জনসাধারণকে ‘মিনেসোটার জন্য প্রার্থনা করতে’ অনুরোধ করেছেন, অন্যদিকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন যে তার এজেন্টরা কাজ করছেন।
সূত্র : বাসস



