ইবোলা ঠেকাতে বিমানবন্দরে নজরদারি জোরদার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোয় এক মার্কিন নাগরিক ইবোলায় আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা সীমাবদ্ধতাসহ নজরদারি জোরদার করেছে। তবে সিডিসি জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইবোলার বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে প্রাদুর্ভাব কবলিত অঞ্চল থেকে আসা বিমান যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সাময়িকভাবে ভিসা সেবা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। কঙ্গোয় এক মার্কিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সোমবার এ তথ্য জানিয়েছে।

এক ব্রিফিংয়ে সিডিসি’র ইবোলা প্রতিক্রিয়া ইউনিটের ইনসিডেন্ট ম্যানেজার সতীশ পিল্লাই সাংবাদিকদের জানান, ডিআরসিতে কর্মরত এক মার্কিনি তার কাজের সাথে সংশ্লিষ্ট সংস্পর্শের কারণে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, ‘সপ্তাহের শেষে ওই ব্যক্তির উপসর্গ দেখা দেয় এবং রোববার গভীর রাতে তার পরীক্ষার ফল পজিটিভ আসে।’

এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআরসি) ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে।

ব্রিফিংকালে পিল্লাই আরো জানান, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য জার্মানিতে নেয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য আরো ছয়জনকে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ডিআরসিতে যুক্তরাষ্ট্রের ফিল্ড অফিসে প্রায় ২৫ জন কর্মী কাজ করছেন। সেখানে অতিরিক্ত একজন জ্যেষ্ঠ কারিগরি সমন্বয়কারী পাঠানোর অনুরোধও পূরণ করছে সিডিসি।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের জন্য তাৎক্ষণিক ঝুঁকি কম বলে সিডিসির মূল্যায়ন। তবে পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে আমরা বিষয়টি পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং প্রয়োজনে জনস্বাস্থ্য ব্যবস্থা সমন্বয় করা হবে।’

সিডিসি জানায়, বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও, গত ২১ দিনের মধ্যে উগান্ডা, ডিআরসি বা দক্ষিণ সুদান সফর করেছেন- এমন অ-মার্কিন পাসপোর্টধারীদের ওপর প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা সাময়িকভাবে সব ধরণের ভিসা সেবা স্থগিত করেছে। ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রাদুর্ভাব নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’। তবে এ মুহূর্তে এটি আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ আছে বলে আমি মনে করি।

সূত্র : বাসস