ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

ভেনিজুয়েলায় প্রায় এক মাস আগে আঘাত হানা পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ভবন ধসে পড়েছে
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ভবন ধসে পড়েছে |সংগৃহীত

ভেনিজুয়েলায় প্রায় এক মাস আগে আঘাত হানা পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ জুন দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দু’টি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাসের বাইরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে পাঁচ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা ৬৮ জন বেড়েছে। এছাড়াও ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে এখনো কত মানুষ নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে সরকার কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী, এখনো ৫০ হাজারের মতো মানুষ নিখোঁজ থাকতে পারেন।

ভূমিকম্পের পর এক মাসে এখন পর্যন্ত এক হাজার ৪০৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের কারণে ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্টেডিয়াম থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত বিভিন্ন স্থানে অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোমবার জানান, ঘর হারানো প্রায় ২০০ পরিবারকে কারাকাসের একটি আবাসিক ভবনে থাকার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় চার হাজারের বেশি নতুন বাড়ি নির্মাণে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

সূত্র: বাসস