ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি দুই দেশের বাণিজ্য বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানান।
লুলা বলেন, ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, তা ভিত্তিহীন কারণে করা হয়েছে।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ব্রাজিলের ওপর নতুন করে দুই দফা শুল্ক আরোপ করে। আগামী অক্টোবরের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই শুল্ক ইস্যুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লুলা ট্রাম্পকে বলেছেন, এসব শুল্ক ‘ব্রাজিল ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জন্যই নেতিবাচক প্রভাব ফেলছে’।
লুলা বলেন, ‘আলোচনার টেবিলে থাকাই দুই দেশের জন্য সবচেয়ে ভালো পথ’।
সাম্প্রতিক মাসগুলোতে বামপন্থী লুলার সাথে ট্রাম্পের সম্পর্ক কখনো উষ্ণ, আবার কখনো শীতল ছিল। তবে ব্রাজিলের নির্বাচন যত ঘনিয়ে আসছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তত বাড়ছে।
ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ট্রাম্প ও লুলার মধ্যে এক ঘণ্টা ২০ মিনিট ধরে ফোনে কথা হয় এবং তাদের কথোপকথন বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৮০ বছর বয়সী লুলা তার নির্বাচনী প্রচারে জাতীয় সার্বভৌমত্বকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরছেন।
গত সপ্তাহে এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, বিশেষ করে নির্বাচন নিয়ে। হস্তক্ষেপ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।’
সূত্র: বাসস



