ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯৫

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৯৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১২ হাজার ৪০০ জন।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের কাছে উদ্ধারকর্মীরা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের কাছে উদ্ধারকর্মীরা |সংগৃহীত

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৯৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১২ হাজার ৪০০ জন। বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যে সংখ্যাটি দিচ্ছি, তা সঠিক সংখ্যা।’

রদ্রিগেজ বলেন, একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়ার পর এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এবং সর্বশেষ মৃতের সংখ্যা প্রকাশের আগে কর্তৃপক্ষ হতাহতের তথ্য পুনরায় যাচাই করে নিয়েছে।

তিনি জানান, ভূমিকম্পে কমপক্ষে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ জন তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অন্যদিকে, ভূমিকম্পে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে নথিভুক্ত করেছে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

এর আগে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাচুই রাজ্যের ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হেনেছে। অন্যদিকে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি