কাতারের দেয়া নতুন এয়ার ফোর্স ওয়ান আরো উন্নত করা হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৯ জুলাই) বলেছেন, কাতারের উপহার দেয়া তার নতুন এয়ার ফোর্স ওয়ান বিমানকে আরো উন্নত নিরাপত্তা ও সক্ষমতাসহ প্রস্তুত করতে প্রায় এক মাসের জন্য পাঠানো হবে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৯ জুলাই) বলেছেন, কাতারের উপহার দেয়া তার নতুন এয়ার ফোর্স ওয়ান বিমানকে আরো উন্নত নিরাপত্তা ও সক্ষমতাসহ প্রস্তুত করতে প্রায় এক মাসের জন্য পাঠানো হবে।

তুরস্ক সফরের সময় বিমানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর প্রকাশের পর তিনি এ কথা জানান।

ট্রাম্প গত ১ জুলাই নতুন করে সাজানো ‘বোয়িং ৭৪৭-৮ বিমানে প্রথমবারের মতো যাত্রা করেন। তবে ১০ জুলাই আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ফেরার সময় তিনি পুরোনো একটি বিমানে দেশে ফেরেন। এরপর নতুন বিমানটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, নতুন বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাসহ আগের বিমানের মতো সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেই। পরে পত্রিকাটির সাংবাদিকদের ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সমন পাঠানো হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘বিমানটির অনেক সক্ষমতা রয়েছে। তবে যতদূর আমি জানি, প্রায় এক মাসের মধ্যে এটিকে আরো উন্নত করার জন্য পাঠানো হবে।’

তিনি আরো বলেন, ‘তারা এটি পাঠাবে এবং পুরোপুরি প্রস্তুত করবে। এতে প্রায় এক মাস সময় লাগবে।’

নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল থেকে ওয়াশিংটনে ফেরার পর ট্রাম্প এসব কথা বলেন। তবে বিমানটিকে কিভাবে আরো উন্নত করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

৮০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা এর আগে নতুন বিমানটি নিয়ে যেকোনো সমস্যার সম্ভাবনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি এর আগে বলেছিলেন, তুরস্ক সম্মেলনের আগে বিমানটি যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে পাঠানো হয়েছিল, যাতে সেখানে কর্মরত সেনারা এটি দেখতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান হিসেবে ১৯৯০ সাল থেকে ব্যবহৃত পুরোনো দু’টি বিমানের অবস্থা নিয়ে ট্রাম্প অভিযোগ করার পর গত বছর কাতারের রাজপরিবার এই বিলাসবহুল বিমানটি উপহার দেয়।

তবে কাতারের মতো কোনো বিদেশী শক্তির কাছ থেকে কয়েকশ কোটি ডলার মূল্যের বিমান উপহার নেয়া নিয়ে নৈতিকতা, সাংবিধানিক বিষয় ও নিরাপত্তা নিয়ে সমালোচনা রয়েছে।

নতুন বিমানটিতে ট্রাম্পের নকশা করা লাল, সাদা ও গাঢ় নীল রংয়ের নতুন সাজসজ্জা রয়েছে। আগের বিমানগুলোর রং ছিল সাদা ও হালকা নীল।

এদিকে, বেশ কয়েক দফা বিলম্ব ও ব্যয় বৃদ্ধির পর চলতি দশকের শেষ দিকে বোয়িংয়ের তৈরি দু’টি সম্পূর্ণ নতুন এয়ার ফোর্স ওয়ান বিমান সরবরাহ করার কথা রয়েছে।

সূত্র: বাসস