লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, উত্তর আফ্রিকার এই দেশটির উপকূলের কাছে বিপদগ্রস্ত একটি নৌযানকে সহায়তা করতে গিয়ে একটি টহল নৌকা এ উদ্ধার অভিযান চালায়।

ইতালি প্রায় ৩০০ কিলোমিটার দূরে হওয়ায়, লিবিয়া থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

রেড ক্রিসেন্টের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি নৌকা থেকে কালো বডিব্যাগ নামাচ্ছেন।

সংস্থাটি জানায়, উদ্ধার অভিযানটি ছিল ‘এ পর্যন্ত সবচেয়ে কঠিন মাঠপর্যায়ের অভিযানের একটি।’

মৃত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য দেয়নি রেড ক্রিসেন্ট।

তবে জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থার সাথে মিলে জীবিতদের মানবিক সহায়তা দেয়ার কথা জানিয়েছে তারা, যা থেকে ধারণা করা হচ্ছে যে তারা অভিবাসী।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, ‘আট দিন বিপদে থাকার পর, নৌঘাঁটির সাথে সংযুক্ত আলমারকাব টহল নৌকা একটি বিপদগ্রস্ত নৌযান থেকে সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। একইসাথে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।’

সংস্থাটি আরো জানায়, উদ্ধার অভিযানে রেড ক্রিসেন্ট, নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড ও উপকূলীয় নিরাপত্তা ইউনিট অংশ নেয়।

টানা আট ঘণ্টার বেশি সময় ধরে কঠিন পরিস্থিতির মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র: বাসস