সুদানের পশ্চিমাঞ্চলের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে (জিএমটি ১১:০০) উত্তর দারফুর রাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি আদালতে এই হামলা চালানো হয়।
সংস্থাটি আরো জানায়, হামলার সময় বেসামরিক নাগরিকরা স্থানীয় বিরোধ ও মামলার শুনানিতে অংশ নিতে আদালতে জড়ো হয়েছিলেন।
গ্রামটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালো এবং তার সাবেক মিত্র, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সমর্থকদের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এ সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



