সুদানে ড্রোন হামলায় নিহত ৫

সুদানের রাজধানী খার্তুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো একটি ড্রোন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সুদানে ড্রোন হামলা
সুদানে ড্রোন হামলা |সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো একটি ড্রোন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (২ মে) মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংস্থা ‘ইমারজেন্সি লয়ার্স’ এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, এক সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর শহরটিতে কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

তারা বলছে, তারা এই হামলার জন্য সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করছে এবং দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ইমার্জেন্সি লয়ার্স আরো বলেছে, এ ঘটনাটি বেসামরিক নাগরিকদের ওপর চলমান হামলার একটি অংশ।

জাতিসঙ্ঘের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত বছর আরএসএফ খার্তুমে একাধিক ড্রোন হামলা চালিয়েছিল, যার প্রধান লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো।

সুদানি সরকার ও তার সাবেক মিত্র আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিলে সঙ্ঘাত শুরু হয়। জাতিসঙ্ঘের তথ্যমতে, তখন থেকে প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা