দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতাকে দায়ী করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনাকবলিত বিমান
দুর্ঘটনাকবলিত বিমান |সংগৃহীত

দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে সোমবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ যাত্রী ও পাইলটসহ মোট ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সেসনা মডেলের বিমানটি গ্রিনিচ মান সময় ৭টা ১৫ মিনিটে জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে কম দৃশ্যমানতার কথা উল্লেখ করা হয়েছে।

নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক ও দু’জন কেনিয়ার নাগরিক ছিলেন।

ঘটনাস্থলে পাঠানো জাতিসঙ্ঘের একটি উদ্ধারকারী দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো লাশই শনাক্ত করা যায়নি।

রাজনৈতিক অস্থিরতা, সঙ্ঘাত ও দারিদ্র্যের পাশাপাশি দেশটিতে নির্ভরযোগ্য পরিবহন অবকাঠামোরও অভাব রয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই ও খারাপ আবহাওয়ার কারণে সেখানে প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে।

সূত্র : বাসস