নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুদের অপহরণ করেছেন হামলাকারীরা।
এক বাসিন্দা জানিয়েছেন, হামলাকারীরা একটি বাড়িতে আগুন লাগিয়ে দেন। এতে আগুনে পুড়ে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, বন্দুকধারীরা শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে লাজিঙ্গে গ্রামে প্রবেশ করে রোববার ভোর ৩টা পর্যন্ত বাসিন্দাদের ওপর হামলা চালায়।
এই অঞ্চলে প্রায়শই ডাকাত নামে পরিচিত ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দলগুলোর হামলা দেখা যায়, যারা মুক্তিপণের জন্য বাসিন্দাদের অপহরণ করে এবং গবাদি পশু চুরি করে।
স্থানীয় বাসিন্দা আওওয়াল হাসান জানান, কমপক্ষে ১২ জনকে হত্যা করেছে এবং আরো চারজনকে আহত করেছে। এছাড়া বহু গবাদি পশু লুট করার পর নারী ও শিশুদের অপহরণ করেছে।
সোকোতো বাহিনীর মুখপাত্র আহমেদ রুফাই বলেন, পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
জামফারা রাজ্যে ডাকাতদের হাতে কমপক্ষে ২৪ কৃষক নিহত হওয়ার এক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটল।
সূত্র: রয়টার্স



