মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি হামলার পর তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। মার্কিন সেন্ট্রাল কর্মান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তিন সেনা সদস্য কোথায় নিহত হয়েছেন সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। কারণ, নির্দিষ্ট অবস্থান প্রকাশ করলে তা ইরানকে গোয়েন্দা তথ্য দেয়ার শামিল হবে, যা সেই সব স্থানে মার্কিন কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।
মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, অভিযানের প্রথম দিনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু যুদ্ধের চিত্র এখন উল্লেখযোগ্যভাবে বদলে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিহীন রাষ্ট্রপতি হওয়ার প্রচারণা চালিয়েছিলেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই রকম মতামত প্রকাশ করেছেন। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড আগে ইরানের সাথে যুদ্ধের বিরোধিতা করলেও পরে তিনি তার অবস্থান পরিবর্তন করেন।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দ্রুত এ খবর অস্বীকার করে। তারা বলেছে, ইরান রণতরীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু রণতরীটি ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে।
সূত্র : আলজাজিরা



