ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে : ট্রাম্প

‘তুমি পাগল হয়ে গেছো। আমি না থাকলে এখন তুমি জেলে থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরাইলকে ঘৃণা করছে।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিও ভূমিকা রাখছেন।’

‘পড ফোর্স ওয়ান’ নামে একটি পডকাস্টে ট্রাম্প বলেন, ‘আমি তার (মোজতবা খামেনি) সাথে দেখা করতে চাই। পরিস্থিতি কিভাবে এগোয়, তার ওপর নির্ভর করে কোনো এক সময় হয়তো আমাদের দেখা হবে।’

এ সময় ট্রাম্প স্বীকার করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার কথা-কাটাকাটি হয়েছিল।

তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। আমি বলব না যে আমি রাগান্বিত ছিলাম। তবে লেবাননে তার (নেতানিয়াহুর) অব্যাহত সামরিক তৎপরতা আমাকে কিছুটা বিরক্ত করেছে।’

তবে একইসাথে ট্রাম্প বলেন, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো।’

এদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, রোববার রাতে ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ‘তুমি পাগল হয়ে গেছো। আমি না থাকলে এখন তুমি জেলে থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরাইলকে ঘৃণা করছে।’

অ্যাক্সিওসের ওই প্রতিবেদন ইসরাইলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র : বিবিসি