পুতিনের সাথে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পুতিনের সাথে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে
পুতিনের সাথে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার মস্কোয় এ বৈঠক হয় বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিন তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানিকে অভ্যর্থনা জানিয়েছেন। লারিজানি বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন।’

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান এড়াতে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে চায়।

একইসাথে ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন। সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের ওপর দেশটির সরকারের কঠোর দমনপীড়নের পর এই হুমকি দিলেন ট্রাম্প।

মস্কোতে অবস্থিত ইরান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, পুতিন ও লারিজানির এই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক এবং ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু’ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি।

রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি জানায়, আলি লারিজানির এই মস্কো সফরের খবর আগে থেকে জানানো হয়নি।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মস্কো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান মিত্র ইরান। পাশাপাশি রাশিয়াও আন্তর্জাতিক অঙ্গনে তেহরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে আসছে।

সূত্র : বাসস