মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

‘আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, তাহলে তাদের কেবল একটি টেলিফোন কল করলেই হবে। কিছু না বলে বসে থাকার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইট আর নয়।’

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইরানের সাথে শান্তি আলোচনায় অংশ নেয়ার অপেক্ষায় থাকা মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে প্রতিনিধিদলের ইসলামাবাদ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ‌‌‘আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সাথে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি।’

সফর বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, প্রচুর কাজ পড়ে আছে! এছাড়াও তাদের (ইরানের) ‘নেতৃত্বের’ মধ্যে চরম অন্তর্কোন্দল এবং বিভ্রান্তি বিরাজ করছে। এমনকি তারা নিজেরাও জানেন না, এখন তাদের দায়িত্বে কে আছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, তাহলে তাদের কেবল একটি টেলিফোন কল করলেই হবে। কিছু না বলে বসে থাকার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইট আর নয়।’

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদ ত্যাগ করায় মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সব কার্ড এখন আমাদের হাতে। তারা চাইলে যেকোনো সময় আমাদের কল করতে পারে। কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা ছাড়াই ১৮ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বসে থাকার জন্য আর কোনো ফ্লাইট হবে না।’


এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নেতৃত্বাধীন প্রতিনিধিদল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে।


সূত্র :
বিসিবি, ফক্স নিউজ