ছাত্রদল ও বিএনপি নেত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং এটি বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণার পর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছবির মাধ্যমে দাবি করা হচ্ছিল, জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা বিএনপি নেত্রী শামীম আরা স্বপ্নাকে সেজদা করে সম্মান জানিয়েছেন। শামীম আরা স্বপ্না বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে ছবিটির কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। এছাড়া প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করেও দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি।
ফ্যাক্টচেক টিম জানায়, ছবিটি বিশ্লেষণ করে এর ডান পাশের নিচের অংশে জেমিনির লোগো শনাক্ত করা হয়েছে। সাধারণত জেমিনি এআই দিয়ে তৈরি কোনো ছবিতে এ ধরনের ওয়াটারমার্ক থেকে যায়। যদিও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তা মুছে ফেলা সম্ভব, তবে এ ক্ষেত্রে সেটি করা হয়নি।
এছাড়া, ছবিতে একাধিক অসঙ্গতিও পাওয়া গেছে। ছবির বাম পাশে নেত্রীর পা ছুঁয়ে সালাম করা ব্যক্তির তিনটি পা দেখা যাচ্ছে। তার জুতার মধ্যেও অসামঞ্জস্য রয়েছে। এক পায়ে স্নিকার্স এবং অন্য পায়ে স্যান্ডেল দেখা যায়।
ফ্যাক্টওয়াচ বলছে, এ ধরনের ত্রুটি এআই দিয়ে তৈরি ছবিতে প্রায়ই দেখা যায়। পাশাপাশি শামীম আরা স্বপ্নার আসল ছবির সাথে ভাইরাল ছবিটির কোনো মিল পাওয়া যায়নি।
ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী একাধিক প্রযুক্তির সাহায্যে যাচাই করা হয়েছে। এর মধ্যে ‘হাইভ ডিটেক্ট’ ছবিটিকে প্রায় শতভাগ এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করেছে। ‘ইমেজ হুইস্পার’ নামের আরেকটি টুলের বিশ্লেষণেও একই তথ্য পাওয়া গেছে। সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিকৃত ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশী-বিদেশী বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে।
ফ্যাক্টওয়াচ এসব তথ্য নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে। সূত্র : বাসস



