মাদকবিরোধী অভিযান চলাকালে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে- এমন দাবিতে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৩২ মিনিটে ফেসবুক পেজে এমনটা দাবি করে একটি পোস্ট করেন কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ওই দাবি সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে মঙ্গলবার (৫ মে) র্যাব-১১-এর সাদাপোশাকের একটি গোয়েন্দা দল নারায়ণগঞ্জ শহরের দেওভোগের লিচুবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন র্যাব সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে আহতদের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ বিষয়ে গবেষণা করে।
প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে তারা শনাক্ত করেছে। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বাংলাফ্যাক্ট।
সূত্র : বাসস



