অসুস্থ শিল্পী শবনম মুশতারীর বাসায় সংস্কৃতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা

একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত এবং জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
অসুস্থ সঙ্গীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম
অসুস্থ সঙ্গীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম |ইউএনবি

অসুস্থ সঙ্গীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম

বাংলাদেশের স্বনামধন্য ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত এবং জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশবরেণ্য এই শিল্পীর অসুস্থতার সংবাদ জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

আজ শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তাকে দেখতে যান। এ সময় তারা দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন, তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা দেন।

সাক্ষাৎকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নজরুল সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর বড় মেয়ে।

সূত্র : ইউএনবি