ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা সালমান ইউসুফ খান ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার হাতসহ শরীরের কয়েকটি হাড় ভেঙে গেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি কোনো সিনেমার শুটিংয়ের সময় নয়, বরং নিজের বাড়ির ছাদে ঘটেছে। সন্তানদের ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে অসাবধানতাবশত প্রায় ১৩ ফুট উঁচু ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।
দুর্ঘটনার বিষয়ে সালমান ইউসুফ খান বলেন, বর্তমানে শিশুরা মোবাইল ফোন ও আইপ্যাডে বেশি সময় কাটায়। তাই তাদের ঘুড়ি ওড়ানো শেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ছাদে সন্তানদের ঘুড়ি ওড়ানো শেখানোর সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে তার একটি হাত ভেঙে যায়। পাশাপাশি শরীরের আরো কয়েকটি হাড়েও আঘাত লাগে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত নাচসহ সব ধরনের শারীরিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন তিনি। তবে এক মাসের বিশ্রাম ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এই অভিনেতা।
সালমান ইউসুফ খান ভারতের জনপ্রিয় নৃত্যভিত্তিক রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’র প্রথম আসরের বিজয়ী। এরপর তিনি একাধিক নৃত্য প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া পরিচালক রেমো ডি’সুজার ‘এবিসিডি’ চলচ্চিত্রের দুই কিস্তিতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।



