জামিন পেলেন তানজিন তিশা

গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
অভিনেত্রী তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা |ইন্টারনেট

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত তাকে জামিন দেন।

এর আগে, গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ নভেম্বর অনলাইন পেজ অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো: আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, অ্যাপোনিয়ার ফ্যাশন থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে শাড়িটির মূল্য পরিশোধ না করে যোগাযোগও বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।