অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করছেন।
দায়িত্ব নেয়ার পর এটিই বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। বলা হচ্ছে, টাকার অঙ্কে দেশের ইতিহাসে এটি সব থেকে বড় বাজেট প্রস্তাবনা।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘোষিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা তার আগের অর্থবছর অর্থাৎ ২০২৪-২০২৫ অর্থবছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম ছিল।
নতুন প্রস্তাবিত বাজেটে উৎস কর, ভ্যাট, শুল্ক ও সারচার্জ বাড়ানোর ফলে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে। আবার কিছু খাতে ভর্তুকি ও করছাড় দেয়ার ফলে কমতে পারে পণ্যের দাম।
এছাড়া বাজেটে দেশের প্রযুক্তিনির্ভর ব্যবসা বাণিজ্য অর্থাৎ স্টার্টআপ প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সুবিধা দিতে নানা ধরনের প্রস্তাবনা দেয়া হয়েছে।
চলুন জেনে নেয়া যাক, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর কোন পণ্যের দাম বাড়তে পারে, আর কোন পণ্যের দাম কমতে পারে।
যেসব পণ্যের দাম বাড়তে পারে
আমদানিকৃত ওয়াশিং মেশিন ও ইলেকট্রিক ওভেন
নাগরিক জীবনে বর্তমানে অপরিহার্য পণ্যে পরিণত হয়েছে ওয়াশিং মেশিন ও ওভেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় পর্যায়ে ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পকে সুরক্ষা দিতে এ পণ্য আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেয়া হয়েছে।
ফলে আমদানিকৃত ওয়াশিং মেশিনের দাম বাড়বে।
অন্যদিকে, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
ফলে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন ও ওভেনের দাম কমতে পারে।
ডিজেল ও অকটেন চালিত গাড়ি
ডিজেল, অকটেন বা পেট্রোলচালিত গাড়ি আমদানিতে কর বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।
ফলে ডিজেল, অকটেন বা পেট্রোলচালিত গাড়ির দাম বাড়তে পারে।
তামাকজাত পণ্য
এ বছর বাজেটে বাণিজ্যিক আমদানিকারকেরা যে সিগারেট পেপার আমদানি করেন তাতে সম্পূরক শুল্কের হার ৩০০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫০ শতাংশ করা হয়েছে।
ফলে সিগারেটের দাম বেড়ে যেতে পারে।
বাইসাইকেলের যন্ত্রাংশ
প্রস্তাবিত বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশ করা হয়েছে।
একই সাথে নতুন করে পাঁচ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
ফলে আমদানিকৃত বাইসাইকেলের যন্ত্রাংশের দাম বাড়তে পারে।
আমদানিকৃত কাগজ
স্থানীয় কাগজ শিল্পকে সুরক্ষা দিতে গ্রিজ প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা এবং একই সাথে পাঁচ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
ফলে আমদানিকৃত কাগজের দাম বাড়তে পারে।
বৈদ্যুতিক মোটর
দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে সুরক্ষা দিতে ১২০০ ওয়াটের নিম্ন ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব দেয়া হয়েছে।
এতে করে আমদানিকৃত কম ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের দাম বাড়তে পারে।
আমদানিকৃত কাজুবাদাম
দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করতে কাজুবাদামের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
যার ফলে আমদানিকৃত কাজুবাদামের দাম বাড়তে পারে।
জিপসাম বোর্ড ও শিট
স্থানীয়ভাবে গড়ে ওঠা জিপসাম বোর্ড ও শিট উৎপাদনকারী শিল্পকে সুরক্ষা দিতে জিপসাম বোর্ড ও শিট আমদানির ওপর ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
ফলে এই ধরনের পণ্যের দাম বাড়তে পারে।



