চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার

গত বছরের একই সময় এই পরিমাণ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ছয় শতাংশ।

নয়া দিগন্ত অনলাইন
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে |সংগৃহীত

প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট তিন হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক পাঁচ শতাংশ বেশি।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ মে এক দিনে দেশে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি মে মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

গত বছরের একই সময় এই পরিমাণ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ছয় শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে তিন হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল দুই হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ লেনদেন সুবিধা ও প্রবাসী বাংলাদেশীদের বাড়তি অংশগ্রহণের কারণে রেমিট্যান্স প্রবাহে এ ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বাসস