আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ

তিনি আজ সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন। তার এ বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে (২০২৫-২৬) ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি আজ সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন। তার এ বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, “যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরো গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।”

তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে জব প্লেসমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান আছে।

সূত্র : বাসস