উত্তরা ইউনিভার্সিটিতে ইউইউ এইচআর সামিট

আয়োজকরা জানান, এই সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট জগতের বর্তমান নেতৃত্বের সাথে সরাসরি যুক্ত হওয়ার এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

বিশ্ব মানবসম্পদ দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দেশের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বদের অংশগ্রহণে এ সামিটের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস ও স্কুল অব বিজনেসের যৌথ উদ্যোগে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)-এর সহযোগিতায় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সামিটে আর্থিক, টেলিকম, আইটি ও তৈরি পোশাক খাতসহ দেশের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের অন্তত ২০ জন কর্পোরেট কর্মকর্তা ও মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নওশাদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহীন আক্তার, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চিফ পিপল অফিসার আবু সালেহ মোহাম্মদ শামীম, গ্রামীণফোনের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার অরুনিমা হাসান, বাংলালিংকের সিনিয়র ম্যানেজার হাবিবা ইয়াছমিন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট নুসরাত তাবাস্সুম এবং এটিবি জবসের চিফ অপারেটিং অফিসার রেই তাকাহাশি।

এ ছাড়া ইউনাইটেড গ্রুপ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্র্যাকনেট লিমিটেড, পার্টেক্স স্টার গ্রুপ, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড, ম্যাগপাই গ্রুপ, টেক্সা টিম গ্রুপ, লিড নেশন একাডেমি, ই-জোন এইচআরএম লিমিটেড, ইনডেক্স অ্যাকসেসরিজ লিমিটেড, অ্যাবা গ্রুপ ও হা-মীম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ফোরাম ফর বাংলাদেশ এইচআর প্রফেশনালসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে বক্তারা মানবসম্পদ ব্যবস্থাপনার বর্তমান ধারা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা বলেন, “উত্তরা ইউনিভার্সিটির মূল লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্পোরেট জগতের বাস্তব প্রয়োগের ব্যবধান দূর করা। ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ ভবিষ্যৎ-উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

তিনি আরো বলেন, দেশের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বদের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযুক্ত করার মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এস এম শাহাবুদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আয়োজকরা জানান, এই সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট জগতের বর্তমান নেতৃত্বের সাথে সরাসরি যুক্ত হওয়ার এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পেয়েছেন।