উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো গত বুধবার। অনুষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। এদের মধ্যে অসাধারণ ফলাফলের জন্য ৭০ জন শিক্ষার্থী পান ‘মেরিট অ্যাওয়ার্ড’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলাম সায়েমের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মো. শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এদিকে গত মঙ্গলবার তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সারাবছরের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি এবতেদায়ী বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী ১৫ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেয়া হয় শুভেচ্ছা পুরস্কার।
পুরস্কার বিতরণীর পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে কবিতা আবৃত্তি, হামদ, নাত, নজরুলসঙ্গীত, দেশের গান, জুলাইয়ের গান, কেরাত এবং আরবি, ইংরেজি ও বাংলা বক্তৃতা পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানকে আরো উৎসবমুখর করে তোলে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফীর এডুকেশন লন্ডনের চেয়ারম্যান এবং এডেক্সেল ও ক্যামব্রিজের সিনিয়র এক্সামিনার ড. আবুল কালাম আযাদ। তিনি বলেন, তানযীমুল উম্মাহ আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে এগিয়ে যাচ্ছে। তিনি সন্তানদের মাদরাসা শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা ও অন্যান্য জ্ঞানার্জনের সুযোগ করে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



