‘সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেড। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুর আড়াইটায় হাসপাতালের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। দেশের খ্যাতনামা লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালট্যান্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক র্যালির উদ্বোধন করেন। র্যালিটি কাকরাইল মোড় থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ফ্যাটি লিভার প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে হাসপাতালের কনফারেন্স রুমে ‘সুস্থ লিভার, সুন্দর জীবন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইন্টারেক্টিভ ডিসকাসন সেশন পরিচালনা করেন ডা. এম সাঈদুল হক।
তিনি বলেন, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয় লিভারজনিত রোগে। বর্তমানে প্রায় ১৫০ কোটি মানুষ দীর্ঘমেয়াদি লিভার রোগে ভুগছেন। তবে জীবনধারা পরিবর্তন ও যথাযথ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে লিভার রোগের প্রায় ৯০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব।
লিভার সুস্থ রাখতে তিনি চারটি গুরুত্বপূর্ণ অভ্যাস অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এগুলো হলো— সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম, অ্যালকোহল পরিহার এবং নির্দিষ্ট সময় অন্তর লিভার পরীক্ষা করা।
আলোচনা সভায় তিনি আরো বলেন, একটি সুস্থ লিভার প্রথমে ফ্যাটি লিভারে (চর্বিযুক্ত লিভার) আক্রান্ত হতে পারে। পরবর্তীতে তা ফাইব্রোসিস, সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সারে রূপ নিতে পারে। তবে বর্তমানে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত রোগ সঠিক চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে নিয়ন্ত্রণ ও নিরাময় করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, নিউরোলজিস্ট ডা. এস এম শিহাব উদ্দিন, সার্জন ডা. একরামুল হক জুয়েল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. তন্বী সাহা, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. ফারহানুল জান্নাত এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. মাসুদুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক।
বক্তারা বলেন, মিনার্ভা হসপিটাল মানবসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সর্বস্তরের মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের এজিএম আহসান হাবীব রিংকু এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদা। এছাড়া হেড অব করপোরেট অ্যান্ড পেরিফেরাল মার্কেটিং মো. আমিনুল ইসলামসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি



