ইসলামী ব্যাংকে ‘পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর’ ও এস আলম গ্রুপের সুবিধাভোগীদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ এবং এমডিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
সোমবার (২৫ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করার চেষ্টা চলছে। তাকে চেয়ারম্যান করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহ-সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, ব্যাংকের শেয়ারহোল্ডার ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ খান, মোতাছিম বিল্লাহ, শামীম হাসনাইন, আব্দুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল বারীসহ অন্যরা।
বক্তারা বলেন, “খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে।” তারা দাবি করেন, গ্রাহকেরা খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে মেনে নেবেন না এবং প্রয়োজনে আমানত রক্ষায় ব্যাংক পাহারা দেবেন।
তাদের অভিযোগ, ইসলামী ব্যাংককে দুর্বল করে আমানত লুটপাট ও পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে আনার চেষ্টা চলছে। বক্তারা বলেন, “এস আলমের উত্তরসূরি হিসেবে ‘কে আলম’কে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেয়া হবে না।”
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে স্বপদে বহাল রাখার দাবি জানান। পাশাপাশি তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলম গ্রুপের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংকের প্রকৃত শক্তি এর তিন কোটি গ্রাহক। গ্রাহকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়া হলে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের শতাধিক শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীরা অংশ নেন।



