পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বুধবার (১৮ মার্চ) দেশের সকল তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার মঙ্গলবার (১০ মার্চ) জারি করা হয়েছে।
ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে।
সার্কুলার অনুযায়ী, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ (ঈদের দিন ছাড়া) আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন ও বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সার্কুলারে আরো বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। বাসস



