আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে গভর্নরের আশ্বাস

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এক গুরুত্বপূর্ণ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের বিষয়ে নানা আশ্বাস দিয়েছেন গভর্নর।

মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সঞ্জীবন প্রকল্পের মঞ্জুরী দ্রুত অনুমোদনের আশ্বাস দেন, যা বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভূক্তি ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম সফল বাস্তবায়ন ও সার্বিক আধুনিকায়নের স্বার্থে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের বিসিএস-এর মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

একইসাথে গ্রাহকসেবা আধুনিকায়ন এবং দ্রুত, নিরাপদ ও কার্যকর আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে বিএসিএইচ, এনপিএসবি, বিইএফটিএন/ইএফটি এবং অন্যান্য জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় সদস্যপদ ও কার্যক্রম পরিচালনার উদ্যোগসমূহ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে বেতন-ভাতা গ্রহণ, ইন্টার-ব্যাংক ফান্ড ট্রান্সফার, ডিজিটাল পেমেন্ট, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সেবা আরো সহজ, দ্রুত ও নিরাপদভাবে গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ইতিবাচক দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য একটি প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক ব্যাংকিং ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো: সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি