অনুমোদিত ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আইন, বিধি দ্বারা পরিচালিত ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, হয়রানি ও কার্যক্রম বাধাগ্রস্তসহ বিলুপ্তকরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এমএফআই রাইটস ফোরাম নামে একটি সংগঠন।
সংগঠনটির নেতারা বলছেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী পরিচালক (ইডি) স্বৈরাচার শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট ফ্যাসিবাদের দোসররা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে অপসারণের জোর দাবি জানান তারা।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান, সহ-সভাপতি মো: মাসুদ রানা, দফতর সম্পাদক মো: হাসান ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ক্ষুদ্রঋণ খাত দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাহী পরিচালক ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান একটি স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়ন ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা করছে এবং জনগণকে বর্তমান সরকারের প্রতি বিমুখী করার নীল নকশায় লিপ্ত রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
এমএফআই রাইটস ফোরাম মনে করে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এমআরএ তার আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা বা অভিযোগকে কেন্দ্র করে সমগ্র অনুমোদিত ক্ষুদ্রঋণ খাতকে প্রশ্নবিদ্ধ করা এবং বৈধ প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা দেশের অর্থনীতি ও লাখো সাধারণ ঋণগ্রহীতার স্বার্থের পরিপন্থী।
ফোরামের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, গুজব ও হয়রানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রকৃত অনিয়মের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, যাতে কোনো বৈধ প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না হয়। ক্ষুদ্রঋণ খাতের স্থিতিশীলতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানান তারা।



