দেশের তফসিলি ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম-সংক্রান্ত তথ্য ও উপাত্ত জমাদানে সংশোধিত (রিভাইজড) ফরম্যাটে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ (এজেন্ট ব্যাংকিং স্ট্যাটিস্টিকস ডিভিশন) থেকে আজ এ নির্দেশনা জারি করা হয়।
দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের তথ্য/উপাত্ত মাসিক ভিত্তিতে রিভাইজড ফরম্যাট অনুযায়ী জমা দিতে বলা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, সংশোধিত ফরম্যাটে এজেন্ট, আউটলেট, জিওলোকেশন, লেনদেন-সংক্রান্ত তথ্য, লিঙ্গভিত্তিক তথ্য, আউটলেট লেনদেন এবং এজেন্টের মুনাফার অবস্থা ইত্যাদি নতুন উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিদ্যমান ফরম্যাটের পরিবর্তে একটি সমন্বিত রিভাইজড ফরম্যাট প্রণয়ন করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের জুন মাস থেকে প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে যথাযথভাবে এজেন্ট ব্যাংকিং স্ট্যাটিস্টিকস ডিভিশনে জমা দিতে হবে। একইসাথে ই-মেইল ([email protected])-এর মাধ্যমে তথ্য পাঠাতে হবে এবং সংক্ষিপ্ত হার্ড কপি সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে।
এছাড়া, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বিদ্যমান ফরম্যাটে তথ্য জমা দিতে হবে এবং সেপ্টেম্বর থেকে শুধু নতুন রিভাইজড ফরম্যাট অনুসরণ বাধ্যতামূলক হবে বলে জানানো হয়েছে।
সার্কুলারে আরো বলা হয়, রিভাইজড ফরম্যাটে জিওলোকেশন ম্যাপিং বা স্ট্যাটাসে কোনো পরিবর্তন হলে তা তাৎক্ষণিকভাবে ই-মেইলের মাধ্যমে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য জমা দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। বাসস



