ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত

১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

চলতি ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনে দেশে ২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

সরকারি হিসাব অনুযায়ী, ১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের (১ হাজার ৩০৪ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ৩.৮ শতাংশ বেশি। ফলে চলতি মাসে প্রবাসী আয় প্রবাহে মাসভিত্তিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (জুলাই, ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬) দেশে মোট রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে আগের অর্থবছরের একই সময়ে (জুলাই,২০২৪ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫) রেমিট্যান্স প্রবাহ ছিল ১৭ হাজার ২৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

সে হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় প্রবাহে ২০.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : বাসস